অবশেষে ভাঙড়ে পা রাখলেন Naushad, বললেন মানুষের সুখ দুঃখে পাশে থাকার জন্য এসেছি

 


ভাঙড়ের পথে বেশ কিছুদিন থেকে পা ফেলতে পারছিলেন না রাজনৈতিক নেতা-নেত্রীরা। কারন ছিলো একটাই, সেটা হল ১৪৪ ধারা। তবে ১৪৪ ধারা উঠতেই দীর্ঘ টালবাহানা কাটিয়ে অবশেষে ভাঙড়ে ঢুকলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। ১৪৪ ধারা উঠে যাওয়ার পরই প্রথম ভাঙড়ে ঢুকলেন তিনি। ভোট গণনার রাতে তিন আইএসএফ কর্মীর মৃত্যুর পর একাধিকবার ভাঙড়ে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু বারবার পুলিশি বাধায় ব্যর্থ হয়েছিলেন ভাঙড়ে ঢুকতে।

অবশেষে বুধবার সন্ধ্যায় তিনি ভাঙড়ে নিজের ভাড়া বাড়িতে আসেন। সেখানে দলীয় কর্মীদের মুখে ভাঙড়ের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন নওশাদ। পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে নিজের দলীয় কার্যালয় বসে সাধারণ মানুষের অভাব অভিযোগ ও সাধারণ মানুষের যে পাশে থাকার কাজ শুরু করে দেন পুরো দমে। পুলিশ দেখে দেখে আইএসএফ কর্মীদের গ্রেফতার করছে বলেও তিনি একাধিক কর্মীদের কাছে থেকে অভিযোগ পান। কর্মীদের সঙ্গে কথা বলার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তখনই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, 'পুলিশের যত অত্যাচার শুধুই আই এস এফ কর্মীদের উপর। ভোটের সময় থেকেই শুধু দলে দলে আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এই বিষয়ে অনেকদিন থেকেই আমার কাছে রিপোর্ট আসছে। আমরা এর বিরুদ্ধে আইনি লড়াই লড়ব।'

এছাড়াও তিনি বলেন, 'শুধু আমাদের কর্মীদের পাশে দাঁড়াতে বা মনোবল বাড়াতে নয়, একজন বিধায়ক হিসেবেও নিজ এলাকায় এসেছি। মানুষের সুখ দুঃখে পাশে থাকার জন্য এসেছি। ভাঙড়ের মানুষ যাতে হিংসামুক্ত হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সেই লক্ষ্য নিয়েই এসেছি। তৃণমূল নেতা আরাবুল ও তাঁর ছেলে হাকিমুল বারবার উসকানিমূলক বক্তব্য রেখে ভাঙড়কে অশান্ত করেছে। বাইরে থেকে গুণ্ডা এনে সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে। সেই বেলায় কোনও পদক্ষেপ নেয়না পুলিশ।'আই এস এফ-এর বিরুদ্ধেও ভাঙড়ে বাইরে থেকে লোক ঢোকানোর অভিযোগ উঠেছে, এই প্রশ্ন করার পর নওশাদ বলেন, 'ভোটের আগে থেকে এখনও পর্যন্ত সমস্ত CCTV ফুটেজ চেক করা হোক। যদি কোথাও দেখা যায় যে আইএসফ  বাইরে থেকে লোক এনেছে, তাহলে প্রশাসন যে শাস্তি দেবে, তা মাথা পেতে নেব।'

Post a Comment

0 Comments