রেশন দুর্নীতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের
গ্রেফতারির পর এবার পুর নিয়োগ মামলাতেও তৎপর কেন্দ্রীয় সংস্থা ইডি। ২০ ঘণ্টারও
বেশি সময় পার হয়ে গিয়েছে, এখনও ইডি দফতরে রয়েছেন কামারহাটি
পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। শুক্রবার সকাল ১১ নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি-দফতরে
পৌঁছন গোপাল সাহা। তারপর থেকে দফায় দফায় তাঁর জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর।
শনিবার সকালে তাঁকে বেরতে দেখা যায়নি। এর আগেও গোপাল সাহাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ
করা হয়েছে। তাঁর বাড়িতে গিয়ে তল্লাশিও চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। গোপাল সাহার
কাছ থেকে পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলেই অনুমান তদন্তকারী
অফিসারদের।
এর আগে গত ৫ অক্টোবর দক্ষিণ দমদম, বরাহনগরের পাশাপাশি কামারহাটি পুরসভার
চেয়ারম্যানের বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলে। উত্তর ২৪ পরগনারই ১২ থেকে ১৪টি
পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে বলে তদন্তকারীদের অনুমান। ওইদিন গোপাল সাহার
বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি চালায় ইডি। জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। চেয়ারম্যানের
বাড়ির সঙ্গেই ইডির আধিকারিকরা হানা দেন কামারহাটি পুরসভাতেও। এবার ফের সেই গোপাল
সাহাকে তলব করা হয়েছে ইডির দফতরে।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে নেমে উঠে আসে রাজ্যের বিভিন্ন
পুরসভায় নিয়োগের গরমিলের অভিযোগও। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই একের পর এক পুরসভায় হানা দেয় ইডি। একাধিক
পুরসভার চেয়ারম্যান, ভাইস
চেয়ারম্যান এমনকী প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি চালায়।
অন্যদিকে, হুগলির ব্যবসায়ী অয়ন শীলের সংস্থায় হানা দিয়ে একাধিক তথ্য হাতে
আসে সিবিআইয়ের হাতে। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি পুরসভার কাছে নথি
চেয়ে পাঠায় সিবিআই। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ধৃত অয়ন শীলের সংস্থার
মাধ্যমে ১৪টি পুরসভায় কর্মী নিয়োগ করা হয়েছিল বলে সিবিআইয়ের অভিযোগ।
উল্লেখ্য, অয়ন শীল
গ্রেফতার হওয়ার পর সামনে আসে পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ। আদালত সেই মামলার
দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। তদন্তকারীদের অনুমান, উত্তর ২৪
পরগনারই ১২ থেকে ১৪টি পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে।
অন্যদিকে, জ্যোতিপ্রিয়
মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাস ও রয়েছেন ইডি দফতরে। জিজ্ঞাসাবাদ চলছে
তাঁর। শুক্রবার বিকেল নাগাদ হাজিরা দেন অভিজিৎ। প্রায় ১২ ঘন্টার বেশি সময়
অতিক্রান্ত হয়ে গিয়েছে।

0 Comments