জ্যোতিপ্রিয়র পর কে? প্রশ্ন ঘুরছে বাংলার রাজনীতিতে

 



শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পর এখন নতুন প্রশ্ন ঘুরছে বাংলার রাজনীতিতে—‘এর পর কে?’।রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে শুক্রবার বন মন্ত্রী তথা প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার ভোর ৬টায় জ্যোতিপ্রিয় ওরফে বালুর বাড়িতে ঢুকেছিলেন ইডির গোয়েন্দারা। সেই সঙ্গে কলকাতা ও জেলায় অন্তত ৮টি জায়গায় হানা দিয়েছিল ইডির টিম।

বৃহস্পতিবার দিনভর রাজ্য রাজনীতিতে একটা প্রশ্ন ঘোরাফেরা করেছিল, ‘বালু কি অ্যারেস্ট হয়ে যাবে?’কিন্তু অনেককে অবাক করেই রাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী।ইতিমধ্যের রাজ্যের শাসক দলের দুই মন্ত্রী সহ চার বিধায়ক গ্রেফতার হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁদের জেরা করে মন্ত্রী ও বিধায়ক ঘনিষ্ঠ একাধিক নেতা গ্রেফতার হয়েছে।তাই রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর ইডির নিশানায় এবার কে বা কারা রয়েছে  ? রাজ্যজুড়ে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

 

 

জ্যোতিপ্রিয়কে গ্রেফতারের পর যখন সল্টলেকে ইডির দফতরে আনা হয় তখন সাংবাদিকদের প্রশ্নের মুখে ধৃত মন্ত্রী বলেছিলেন, “শুভেন্দু করেছে, বিজেপি করেছে।” দুপুরে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তোলা হয়। তার ফলে অনেকের মনে এই ধারনা তৈরি হচ্ছে যে এসবের নেপথ্যে শুভেন্দুর ইন্ধন রয়েছে।

সূত্রের খবর, বিজেপি নেতারা শুভেন্দুকে ফোন করে বা দেখা হলে জিজ্ঞাসা করছেন, দাদা এর পর কে? কারণ, বিরোধী দলনেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর আস্থাভাজন বলে গেরুয়া শিবিরে সুবিদিত। এসবের প্রশ্নের উত্তরে ‘দেখো না কী হয়’ গোছের উত্তর দিয়ে এড়িয়ে যাচ্ছেন শুভেন্দু।

পুজোর আগে রাজ্যের পুর মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে নিয়োগ দুর্নীতি কাণ্ডের সূত্রে তল্লাশি চালিয়েছে ইডি। তার পর পৌঁছে গিয়েছিল মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্য মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে। সেই সঙ্গে পুরসভার কিছু চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চলেছে। এর মধ্যে এক পুর-চেয়ারম্যান আবার রাজ্যের এক মন্ত্রীর ব্যক্তিগত সহায়ক ছিলেন। চেয়ারম্যানের বাড়িতে তল্লাশির পর ওই মন্ত্রী ঘটনাচক্রে হঠাৎ অসুস্থ হয়ে কিছুক্ষণের জন্য বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি ছিলেন বলে খবর।

 

Post a Comment

0 Comments