এবার 'এক দেশ এক আইনের' পথে কেন্দ্র


কেন্দ্রীয় সরকারের এবার লক্ষ্য ইউনিফর্ম সিভিল কোড সংসদে পাশ করানো। এবার সংসদের বাদল অধিবেশনে এক অভিন্ন দেওয়ানি বিধি আইন পেশ করতে চলেছে কেন্দ্র। বাদল অধিবেশন শুরুর আগেই ইউনিফর্ম সিভিল কোডের জন্য তৈরি বিল সংসদীয় কমিটির কাছে পাঠানো হতে পারে। সংবাদ মাধ্যম সুত্রে খবর, আইন মন্ত্রক ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির প্রক্রিয়া শুরু করেছে।

 

ইউনিফর্ম সিভিল কোড কী?

দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি আইন (Uniform Civil Code) চালু হলে সব ধর্মের মানুষদের জন্য একটাই আইন হবে। বর্তমানে ভিন্ন ভিন্ন ধর্মের নিজস্ব আইন রয়েছে। কিন্তু ইউনিফর্ম সিভিল কোড লাগু হলে তা আর থাকবে না। অর্থাৎ বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ঠিক করা, সম্পত্তি বণ্টন সহ সব প্রথার একটাই আইন হবে।  

 

বিভিন্ন ধর্মের মানুষদের জীবনযাত্রার ফারাক থাকবেই। তবে এই ফারাক বৈষম্যের নয়, যেন গণতন্ত্রের প্রতীক। এমনটাই ২১-তম আইন কমিশনের মত ছিল। কিন্তু হঠাৎ কেনো মত বদল ঘটল মোদী সরকারের? এ বিষয়ে কংগ্রেস, সিপিএম-সহ একাধিক দল ২১-তম আইন কমিশনের ২০১৮ সালের রিপোর্টকেই মূল অস্ত্র করে প্রশ্ন তুলছেন।

 

২১-তম আইন কমিশন কী বলেছিল?

বলবীর সিংহ চৌহানের নেতৃত্বাধীন ২১-তম আইন কমিশনের মতামত অনুযায়ী, হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, শিখ, পার্সি, জৈন সকলের একই আইন চালু করার প্রয়োজন নেই। ফারাক থাকাটাই গণতন্ত্রের প্রতীক। পরিবর্তে যেখানে যেখানে বৈষম্য রয়েছে সেগুলো দূর করা।

 

বিরোধীদের দাবি মোদী সরকার দেশ জুড়ে বেকারত্ব ও লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি থেকে নজর ঘোরাতেই এমন বড় বিতর্ক খাড়া করতে চাইছে। যদিও মোদী সরকার মনে করছে অভিন্ন দেওয়ানি বিধি আইন (Uniform Civil Code) কার্যকর হলে দেশের সম্প্রীতি বৃদ্ধি পাবে, সার্বিক ভাবে ক্ষমতায়ন হবে মহিলাদের এছাড়াও অবসান ঘটবে লিঙ্গ বৈষম্যের। 

Post a Comment

0 Comments